দ্য সিক্রেট
আমরা সারাদিন যেই চিন্তাগুলো করি সেগুলো আমাদের বাস্তব জিবনে গুরুত্বপূর্ন প্রভাব ফেলে। আমাদের চিন্তা ভাবনা দ্বারাই আমাদের বাস্তব জীবন গঠিত হয়। আমাদের চিন্তাই হচ্ছে আমাদের জিবনের মূল চালিকা শক্তি। আমরা যেভাবে চিন্তা করি আমাদের জীবনে সেভাবেই পরিবর্তন ঘটে। তাই আমরা যদি আমাদের জিবন বদলাতে চাই তাহলে প্রথমে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। "দ্য ল অব অ্যাট্রাকশন" বা আকর্ষণের নীতি এভাবেই কাজ করে।
আমাদের চিন্তা ভাবনাগুলো হল চুম্বকের মত, যার একটি ফ্রিকোয়েন্সি আছে। আপনি যখনই কিছু ভাবেন সেই ভাবনাগুলো বিশ্বব্রহ্মাণ্ডে ফ্রিকোয়েন্সি আকারে প্রেরিত হয় এবং সেগুলো একই ফ্রিকোয়েন্সিতে থাকা একই রকম বস্তুকে চুম্বকশক্তি দ্বারা আকর্ষন করে। আপনি একটি মানব ট্রান্সমিশন টাওয়ারের মত, আপনি সবসময় আপনার ভাবনার মাধ্যমে ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। যা কিছু পাঠানো হয় তার সব কিছুই আবার উৎসে ফিরে আসে। সেই উৎস আপনি। যদি আপনার জিবনে কোন কিছু পরিবর্তন চান তাহলে আপনার ভাবনার ফ্রিকোয়েন্সি পরিবর্তন করুন। আপনি যেভাবে সুইচ ঘুরানোর মাধ্যমে রেডিওর চ্যানেল পরিবর্তন করেন ঠিক সেভাবে আপনার ভাবনা পরিবর্তন করার মাধ্যমে আপনার ফ্রিকোয়ন্সি পরিবর্তন করতে পারেন।
আপনার বর্তমানের ভাবনাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। যা আপনি সবচেয়ে বেশি ভাবেন দিনশেষে আপনি তাই হয়ে ওঠেন। যার প্রতি আপনি বেশি ফোকাস করেন তাই আপনার জীবন রূপে আবির্ভুত হয়। আপনার ভাবনাই বস্তু হয়ে ওঠে।
আপনার জীবন আপনারই হাতে। এখন আপনি কোথায় আছেন বা আপনার জীবনে কি ঘটেছে। সেটা কোনো ব্যাপার নয়। এখন আপনি সচেতন ভাবে নিজের ভাবনা বেছে নিয়ে নিজের জীবন পরিবর্তন করতে পারেন। হতাশাজনক পরিস্থিতি বলে কিছু নেই। আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিই আপনি বদলাতে পারেন। আপনার ভাবনা যার উপর কেন্দ্রীভূত হয় এই নিয়ম ঠিক সেই বস্তুই আপনার কাছে প্রকাশিত করে এবং ফেরত পাঠায়। এই শক্তিশালী জ্ঞানের সাহায্যে আপনি আপনার জীবনের প্রতিটি পরিস্থিতি এবং ঘটনাকে বদলে দিতে পারেন আপনার ভাবনা পরিবর্তন করার মাধ্যমে।
মনের ওপর প্রভুত্ব করতে পারার একটি পথ হচ্ছে মনকে শান্ত করতে শেখা। আপনি ধ্যান করার মাধ্যমে মনকে শান্ত রাখতে পারেন। এতে আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।
আপনার জিবনের সকল অভিজ্ঞতাই আপনার ক্রমাগত ভাবনার ফল। "দ্য ল অব অ্যাট্রাকশন" বা আকর্ষণের নীতি হল একটি প্রাকৃতিক বিষয়। এটি মাধ্যাকর্ষণ সূত্রের মতই একটি নিরপেক্ষ নীতি।
আপনার ভাবনাই আপনার অনুভূতির কারণ। আপনি একই সময়ে খারাপ অনুভূতি এবং ভাল ভাবনা ভাবতে পারেন না। খারাপ অনুভব করলে বুঝতে হবে আপনার ভাবনাই আপনাকে খারাপ অনুভব করাচ্ছে। আপনি যখন খারাপ অনুভব করেন তার কারণ আপনি হয়তো কোনো খারাপ খবর শুনেছেন, অথবা কোনো খারাপ ভাবনা ভাবছেন। আপনার ভাবনাকে বুঝতে চাইলে অনুভূতি পর্যবেক্ষন করুন। অনুভূতি হল আপনার ভাবনার তাৎক্ষনিক সংকেত। আপনি যখন ভাল চিন্তা করবেন তখন আপনি এমনিতেই ভাল অনুভব করবেন।
আপনার হাতের কাছে চট করে মন ভাল করার জন্য কয়েকটা সিক্রেট শিফটার এর তালিকা তৈরি করে রাখুন। সিক্রেট শিফটার হচ্ছে এক ঝটকায় অনুভূতি বদলে দেয়ার হাতিয়ার। এটি হতে পারে সুখের স্মৃতি, ভবিষ্যতের ঘটনা, মজার মুহুর্ত, প্রকৃতি, ভালবাসার মানুষ, আপনার প্রিয় গান, ইত্যাদি। যখনই আপনার নিজেকে ক্রুদ্ধ বা হতাশ দেখবেন অথবা খারাপ অনুভব করবেন তখনই আপনি ঐ তালিকাটি দেখবেন এবং লিস্ট থেকে যেকোনো একটির ওপর দৃষ্টিনিবদ্ধ করবেন। এতে করে আপনার অনুভূতি শিফট করে ভালোর দিকে বদলে যাবে এবং মহাবিশ্বে আপনার ইতিবাচক ফ্রিকোয়েন্সি প্রেরিত হবে।
মহাবিশ্বে ভালবাসার শক্তির চেয়ে বড় আর কোন শক্তি নেই। ভালবাসার অনুভূতি হচ্ছে সব চেয়ে উঁচু ফ্রিকোয়েন্সি যা আপনি প্রেরণ করতে পারেন। আপনি যদি আপনার প্রতিটি ভাবনার সাথে ভালবাসা মিক্স করে দিতে পারেন, যদি আপনি প্রত্যেককে এবং প্রতিটি বস্তুকে ভালবাসতে পারেন আপনার জীবন অন্যরূপ নিবে। সবচেয়ে ভাল এবং উচ্চতম ফ্রিকোয়েন্সি হচ্ছে ভালবাসার অনুভূতি। আপনি যত বেশি ভালবাসা অনুভব ও প্রেরণ করবেন তত নিজের শক্তিকে বাড়িয়ে তুলবেন।
আলাদীনের জিনের মতই আকর্ষণ নীতি আমাদের সকল চাওয়া পূর্ন করে। আপনি যা চান তা সৃজনপ্রক্রিয়ার সাহায্যে মাত্র তিনটি পদক্ষেপের মাধ্যমে পেতে পারেন - চান, বিশ্বাস করুন এবং গ্রহণ করুন।
আপনি যা চান তা মহাবিশ্বের কাছে চাওয়ার অর্থ আপনি কি চান তা নিজের কাছে স্পষ্ট হওয়া। আপনার বারবার চাইতে হবে না। একবারই চাইবেন। এটা হুবুহু ক্যাটালগ দেখে অর্ডার দেয়ার মত। আপনি কেবল একবারই অর্ডার দেন। বারবার অর্ডার দেয়ার প্রয়োজন হয় না। সৃজনপ্রক্রিয়া ঠিক একই রকম। প্রথম পদেক্ষেপ হল আপনি ঠিক কি চান সে বিষয়টি স্পষ্ট হওয়া। নিজের মনে স্পষ্ট হলেই অটোম্যাটিক চাওয়া হয়ে যাবে।
আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যে মুহুর্তে চেয়েছেন তখনই পেয়েছেন। আপনার পরিপূর্ণ এবং চূড়ান্ত বিশ্বাস দরকার। আপনি ক্যাটালগ দেখে অর্ডার দিলে নিশ্চিন্তে বসে থাকেন কারণ আপনি জানেন আপনি যা অর্ডার করেছেন তা পাবেন।
সমগ্র মহাবিশ্ব একে দৃশ্যমান করে তোলার জন্য তখনই সক্রিয় হয়ে ওঠে যে মুহুর্তে আপনি চান, পেয়ে গেছেন বলে বিশ্বাস করেন এবং অদৃশ্যের মধ্যে আছে বলে ভাবেন। আপনাকে এমন ভাবে কাজ করতে হবে, আচরণ করতে হবে, কথা বলতে হবে, ভাবতে হবে যেন আপনি এটা এখনই গ্রহণ করছেন। কেন? কারণ মহাবিশ্ব একটি আয়না। আকর্ষনের নীতি আপনাকে আপনার প্রবল ভাবনাটির প্রতিচ্ছবি ফিরিয়ে দিচ্ছে। কাজেই আপনার ভাবনায় এটিকে গ্রহণ করতে দেখা উচিৎ। আপনি যদি ভাবনায় দেখেন এটি পাচ্ছেন না তাহলে পাবেনও না। আপনাকে বিশ্বাস করতেই হবে যে আপনি পেয়ে গেছেন। আপনাকে পাওয়ার অনুভূতির ফ্রিকোয়েন্সি প্রেরণ করতে হবে, ঐ ছবিগুলোকে আপনার জিবনে প্রতিফলন করার জন্য। যখন আপনি এরকম করবেন তখন আকর্ষণের নীতি প্রবলভাবে পরিবেশ, মানুষ এবং ঘটনাকে চালিত করবে যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তুটি পান।
এই প্রক্রিয়ার শেষ ধাপটি হল গ্রহণ করা। গ্রহণ করার অর্থ হল আপনার আকাঙ্ক্ষা পূর্ন হলে আপনি যেরকম অনুভব করবেন ঠিক সেরকম অনুভব করা।
প্রথমে চান, তারপর বিশ্বাস করুন যে পেয়ে গেছেন, পাবার জন্য আপনাকে ভাল অনুভব করতে হবে। যখন আপনি ভাল অনুভব করবেন তখন আপনি গ্রহণ করার ফ্রিকোয়েন্সিতে থাকবেন। যখন ভাল গ্রহণ করার ফ্রিকোয়েন্সিতে আছেন, যা কিছু চেয়েছেন তা পাবেন। যে বস্তু পেলে আপনি ভাল অনুভব করবেন না সে বস্তু আপনি চাইবেন না। নিজেকে ভাল অনুভূতির ফ্রিকোয়েন্সিতে রাখুন আপনি যা চাইবেন তাই পাবেন।
যখন আপনি অনুভব করবেন যেন আপনি পেয়ে গেছেন, যখন এই অনুভূতিটা ইতিমধ্যেই পেয়ে যাওয়ার সত্য অনুভূতি হয়ে উঠবে, যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি পেয়ে গেছেন তখনই আপনি পাবেন।
ধরেন একই পদ্ধতিতে আপনি দেহের ওজন কমাতে চান তাহলে "ওজন কমানোর" ওপর মননিবেশ করবেন না। তার বদলে সুন্দর ওজনের ওপর দৃষ্টিপাত করুন। সুন্দর ওজনকে অনুভব করুন। প্রথমে চান, তারপর বিশ্বাস করুন এবং গ্রহণ করার অনুভূতি অনুভব করুন। তবেই আপনি সুন্দর ওজনের অধিকারী হবেন।
মহাবিশ্বে সময় বলে কিছু নেই, আয়তন বলেও কিছু নেই। আপনি যা চান তাকে বাস্তবে রূপ দিতে মহাবিশ্বের কোনো সময় লাগে না। এক টাকা আনা যা এক কোটি টাকা আনাও তাই। একই প্রক্রিয়ায় আপনি কাঙ্ক্ষিত বস্তুটি পেতে পারেন।
আকর্ষনের নীতিকে সক্রিয় রাখার জন্য প্রথমে ছোট চাওয়া দিয়ে শুরু করতে পারেন, যেমন ধরুন এক কাপ চা অথবা বাসে সিট খালি পাওয়া। সবল ইচ্ছা দিয়ে দুর্বল ছোট কোনো বস্তুকে আকর্ষণ করুন। নিজের আকর্ষণ ক্ষমতাকে প্রত্যক্ষ করলে আপনি আরও বড় কিছু আকর্ষণের দিকে এগিয়ে যাবেন।
প্রত্যেক দিনের জন্য একটা অভ্যাস তৈরি করুন আপনার ভাবনার মধ্যে দিয়ে আপনার জীবনের প্রতিটি ঘটনা আগে স্থির করে রাখুন। আপনি যেখানেই যান আর যাই করুন বিশ্বশক্তিকে কাজে লাগান, ভেবে নিন আপনি কিভাবে চান। যেমন কোথাও যাওয়ার আগে নিজেকে মনে মনে বলতে পারেন "আজ আমার চমৎকার অভিজ্ঞতা হবে, আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই আমাকে পছন্দ করবে।" এভাবে ভাবলে আপনি আপনার জীবন নিজের ইচ্ছামত তৈরি করতে পারবেন।
আশা একটি প্রবল আকর্ষণীয় শক্তি। যা চান তার প্রত্যাশা করুন এবং যা চান না তা আশা করবেন না। আপনার জীবনে আপনি যা চান তা পাওয়ার জন্য এবং এই কাজটিতে আপনার শক্তি বৃদ্ধি করতে কৃতজ্ঞতা একটি অতন্ত শক্তিশালী প্রক্রিয়া। আপনার যা ইতিমধ্যেই রয়েছে তার সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকুন, তাহলে আপনি আরও ভাল বস্তু আকর্ষণ করবেন।
কল্পনা হল একটি শক্তিশালী প্রক্রিয়া, কল্পনার মাধ্যমে আপনি যা চান সেটি উপভোগ করুন। কল্পনার মাধ্যমে আপনি শক্তিশালী ভাবনা ও অনুভূতি অনুভব করতে পারেন, যেন এখনই কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে গেছেন। এরপর আকর্ষণের নীতি আপনাকে বাস্তবে তা ফেরত দিবে, ঠিক যেমন আপনি কল্পনা করেছিলেন। আপনার প্রয়োজনে আকর্ষণের নীতিকে সবসময় প্র্যাকটিস করুন, শুধুমাত্র একবার দুইবার প্রাকটিস করে ভুলে যাবেন না। প্রতিদিনের শেষে, ঘুমোতে যাবার আগে সারাদিনের ঘটনার মধ্য দিয়ে যান। যেসব ঘটনা আপনার মন মত হয়নি সেগুলো আপনি যেভাবে চান মনে মনে আবার সেভাবে কল্পনা করুন।
টাকা আকর্ষণ করতে চাইলে সম্পদের প্রতি দৃষ্টিনিবদ্ব করুন। টাকার অভাবের ওপর দৃষ্টিপাত করলে আপনার জীবনে অর্থ সম্পদ আকর্ষণ করা অসম্ভব হবে। আপনার কল্পনা প্রয়োগ করে, যা চান সেই পরিমাণ টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন এরকম একটি বিশ্বাস গড়ে তুলুন। আপনি ধরে নিন আপনার সম্পদ আছে, তারপর সেভাবে আচরণ করুন, এতে টাকা সম্পর্কে আপনার অনুভূতি ভাল হবে। আপনি যত ভাল অনুভব করবেন, তত উচ্চতম ফ্রিকোয়েন্সি প্রেরণ করবেন, আপনার জীবনে অর্থ সম্পদ তত দ্রুত আসবে। সুখী অনুভব করাই হল আপনার জীবনে সম্পদ টেনে আনার দ্রুততম উপায়।
যা কিছু আপনি পছন্দ করেন সেইসব কিছুর দিকে তাকিয়ে দেখুন ও নিজেকে বলুন "আমি ওটা কিনতে সক্ষম, আমি ওটা কিনতে পারি।" আপনি যদি আপনার ভাবনা এভাবে করতে পারেন তাহলে টাকা সম্পর্কে আপনার অনুভূতি আরও ভাল হবে। আপনার জীবনে টাকা আনার জন্য টাকা দান করুন। যখন আপনি টাকার ব্যাপারে উদার হন এবং অন্যের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন তখনই আপনি বলতে পারবেন "আমার অনেক টাকা আছে।" কল্পনা করুন আপনার একাউন্টে ইতিমধ্যে টাকা চলে এসেছে এবং এটি বিশ্বাস করুন। সম্পদের মালিক হতে চাইলে সম্পদের প্রতি আপনার ভাবনা বৃদ্ধি করুন।
কোন সম্পর্ককে আকর্ষণ করতে চাইলে আগে নিশ্চিত হবেন আপনার ভাবনা, শব্দ, ক্রিয়া এবং পরিবেশ আপনার আকাঙক্ষার বিরুদ্ধে যাচ্ছে না তো। আপনার প্রথম কাজ হচ্ছে নিজেকে ঠিক রাখা। আপনি নিজেকে আগে ঠিক না করতে পারলে আপনার অন্যকে দেবারও কিছু থাকবে না। নিজেকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখুন, তবেই আপনি আকর্ষণ করতে পারবেন সেই সব মানুষ যারা আপনাকে ভালোবাসা ও শ্রদ্ধার চোখে দেখবেন।
আকর্ষণের নীতি সক্রিয় রাখার ক্ষেত্রে প্লাসিবো ইফেক্ট বেশ ভাল কাজ করে। একজন রোগী যদি সত্যিই বিশ্বাস করেন যে ওষুধটা কাজ করবে তাহলে সে যা বিশ্বাস করে তাই পায় এবং সেরে ওঠে। আপনি ভাবুন যে আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে। হাসি আনন্দকে আকর্ষণ করে, নেতিবাচকতাকে দূর করে এবং আশ্চর্যজনকভাবে আরোগ্য এনে দেয়। হাসলে শরীর সুস্থ থাকে। সবসময় হাসিখুশি থাকুন।
একটি ব্ল্যাকবোর্ড কল্পনা করুন, আপনি যা চান সেগুলোর লিস্ট দিয়ে ব্ল্যাকবোর্ড ভর্তি করুন। বিশ্বাস করুন সেগুলো আপনি পেয়ে গেছেন। তারপর আপনার যা করতে হবে তা হল এই মুহুর্তে ভাল অনুভব করা। আপনিই সেরা, আপনার আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে, এটি মেনে নিন।
সবকিছুই হল শক্তি। আপনি একটি শক্তিচুম্বক। সবকিছুকেই বৈদ্যুতিক শক্তির দ্বারা আপনার কাছে আকর্ষণ করেন এবং আপনি নিজেকে বিদ্যুৎশক্তিযুক্ত করে যা চান সেই সবকিছুর কাছে পৌঁছান। আপনি আধ্যাত্মিক সত্তা। আপনি শক্তি। শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না- এটি কেবলমাত্র রূপান্তরিত হয়। সুতরাং আপনার পবিত্র সারসত্তা সদাই ছিল এবং থাকবে। মহাবিশ্বের উৎপত্তি ভাবনা থেকে। আমরা শুধু আমাদের ভাগ্যনির্মাতা নই, মহাবিশ্বেরও। আমরা সবাই একে অন্যের সাথে সংযুক্ত, আমরা সবাই এক। আপনার আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত করার একটি সংক্ষিপ্ত পথ হল যা চান তাকে পূর্নসত্যরূপে দেখা। আপনার শক্তি আপনার ভাবনায়।
পৃথিবী তার কক্ষপথে ঘুরছে আপনার জন্য। সাগরে জোয়ার-ভাঁটা খেলে আপনার জন্য। পাখি গান গায় আপনার জন্যেই। সূর্য ওঠে, অস্ত যায় সে আপনারই জন্য। রাতের আকাশে তারা মিটমিট করে জ্বলে আপনার জন্য। চারদিকে তাকান। আপনাকে ছাড়া কারো অস্তিত্ব নেই। আপনি আগে কি ছিলেন তাতে কিছু যায় আসে না, এখন আপনি জানেন আপনার সত্য পরিচয়। আপনি মহাবিশ্বের প্রভু। এই সাম্রাজ্যের উত্তরাধিকারী। আপনি জীবনের পূর্নতা।
যা ভালবাসেন তাই করুন, আপনাকে যা আনন্দ দেয় তাই করুন। নেতিবাচক আলাপ করবেন না এবং কেউ নেতিবাচক আলাপ করলে এড়িয়ে চলুন। ইতিবাচক আলাপ করুন, ইতিবাচক লোকদের সাথে থাকুন, এতে আপনি ভাল অনুভব করবেন।
আপনি নিজেই নিজের জীবন গড়ার কারিগর। এখন আপনি সিক্রেট জানেন। এটি কিভাবে ব্যবহার করবেন তা নির্ভর করছে আপনার উপর। আপনি যা নির্বাচন করবেন সেটাই ঠিক। কারণ শক্তি আপনারই।
