একটি গ্লাসের ওজন
আজ থেকে বিশ বছর আগের কথা, তখন আমাদের গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে। একদিন ক্লাসে আমাদের সাইকোলজি প্রফেসর জীবন সম্পর্কে এমন একটি শিক্ষা দিয়ে যান যা আমরা কখনও ভুলতে পারবো না।
একদিন আমাদের সাইকোলজি প্রফেসর ক্লাসে প্রবেশ করলেন, আমরা সবাই দাড়িয়ে সম্মান প্রদর্শন করলাম, স্যার আমাদের বসতে বললেন। স্যার আমাদের মনোযোগ আকর্ষন করার জন্য একটা গ্লাস উঁচু করে ধরলেন। আমরা ভেবিছিলাম তিনি জিজ্ঞেস করবেন "এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? গ্লাসটি অর্ধেক পানি দিয়ে ভর্তি নাকি অর্ধেক খালি"?
কিন্তু তিনি একটি ভিন্ন প্রশ্ন করলেন, "আচ্ছা তোমরা কি বলতে পারবে এই গ্লাসটির ওজন কত?"
আমরা অনুমান করে একেকজন একেকরকম উত্তর দিলাম।
তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমার দৃষ্টিকোন থেকে গ্লাসের প্রকৃত ওজন আপেক্ষিক, এটা নির্ভর করে তুমি গ্লাসটি কতসময় নিয়ে হাতে ধরে আছ। তুমি যদি গ্লাসটি এক ঘণ্টা ধরে থাকো, তাহলে তোমার হাতে ব্যাথা শুরু হয়ে যাবে, যত বেশি সময় নিয়ে গ্লাসটি ধরে থাকবে তোমার কাছে গ্লাসটির ওজন তত ভারী মনে হতে থাকবে, পুরো একদিনের জন্য যদি গ্লাসটি ধরে রাখো তাহলে তোমার কাছে মনে হবে হাতের হাঁড়গুলো ভেঙ্গে যাচ্ছে, একটা সময় গ্লাসটি এতটাই ভারি মনে হবে যে তোমার হাত অবশ হয়ে গ্লাসটি হাত থেকে মাটিতে পড়ে যাবে।
একইভাবে আমরা যখন জিবনের দুঃখ, কষ্ট, হতাশাগুলোকে বেশি সময় ধরে আমাদের মনের মধ্যে বয়ে নিয়ে বেড়াই তখন আমাদের অবস্থা তত বেশি শৌচনীয় হতে থাকে। মানুষের জীবনে দুঃখ কষ্ট, হতাশার মুহুর্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেগুলোকে বেশি সময়ে ধরে বয়ে বেড়ানো উচিৎ নয়। নেতিবাচক আবেগ অনুভূতিগুলোকে মেনে নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে।
- Author (unknown)
