দাগ


স্কুলে কিছু স্টুডেন্ট থাকে যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অন্যের পোশাকের মধ্যে কলমের দাগ বসিয়ে দেয়। সাদা ড্রেস হলে কলমের দাগ ওঠানো কঠিন ব্যাপার। তবে একটা সহজ ট্রিক্স আছে, কলমের দাগের উপর পারফিউম স্প্রে করে পানি দিয়ে ধুইয়ে দিলে ম্যাজিকের মত দাগগুলো পরিষ্কার হয়ে যায়। 
স্কুলের বাচ্চাদের মত আমরা প্রত্যেকেই সবসময় একটা সাদা রঙের কাল্পনিক পোশাক পরে থাকি, যখন আমাদের সাথে ভাল কিছু ঘটে, ভাল কোন মানুষের সাথে দেখা হয় তখন আমাদের কাল্পনিক পোশাকটির মধ্যে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন হয়; আবার যখন আমাদের সাথে কোন দুর্ঘটনা ঘটে বা কেউ প্রতারণা করে তখন পোশাকের মধ্যে একটি করে কালো দাগ বসে যায়।
প্রতিটি দাগের জন্য আবার একটা করে কপি আমাদের অবচেতন মন তার নিজের কাছে রেখে দেয় যাতে ভবিষ্যতে আমরা আরও সচেতন হয়ে উঠতে পারি। এটা আমাদেরকে রক্ষা করার জন্য শরীরের একটি আদিম কৌশল। প্র্যতেক প্রাণীরই নিজেকে ডিফেন্স করার জন্য কিছু নিজস্ব পদ্ধতি রয়েছে। এটাকে বলা হয় ডিফেন্স ম্যাকানিজম।
আমরা যখন কাউকে ক্ষমা করে দেই তখন আমাদের কাল্পনিক পোশাকটি থেকে একটি করে দাগ মুছে যায়, এখানে পার্ফিউমের কাজটা করে ফরগিভনেস।
যারা আপনাকে কষ্ট দিয়েছে, ছেড়ে চলে গিয়েছে, আপনার সাথে বেইমানি করেছে, পিছন থেকে ছুড়ি মেরেছে এবং এমন ভাব করছে যেন তেমন কিছুই হয়নি, তাদেরকে ক্ষমা করে দিন। এটা তাদের জন্য নয় বরং আপনার নিজের ভালোর জন্যেই। এমন না যে ক্ষমা তাদের প্রাপ্য। আপনি তাদের ক্ষমা করে দিবেন, যাতে আপনি নিজে মুক্ত হতে পারেন, নিজের জীবন যাপন চালিয়ে যেতে পারেন।   
যখন আমরা কাউকে ঘৃণা করি, আমরা তার ব্যাপারে অনেক ভাবি। তাকে ভুলতে পারিনা, আমরা আস্তে আস্তে তার মত আচরণ করতে শুরু করি। কিন্তু তাকে আপনার মনে দীর্ঘদিনের জন্য জায়গা দেওয়া উচিৎ নয়। তাকে ক্ষমা করে দিয়ে মন থেকে মুছে ফেলুন। আপনার মনের মধ্যে শুধুমাত্র তাদেরকেই জায়গা দেওয়া উচিৎ যাদেরকে আপনি ভালবাসেন, যারা সেটা ডিজার্ভ করে।
যখন আপনি সবাইকে ক্ষমা করে দিতে সক্ষম হবেন তখন আপনার কাল্পনিক পোষাক থেকে সবগুলো দাগ মুছে যাবে, অবশিষ্ট থাকবে সুন্দর সুন্দর ছবিগুলো, যেন একটা আর্ট গ্যালারি। যেখানে প্রবেশ করলে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url